কারামুক্ত নেতাদের ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৪ জন আটক

নোয়াখালী সদর উপজেলায় জামিনে কারামুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)। পুলিশ জানায়, আটক সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পাওয়ার খবরে এক ব্যাগ ফুলের মালা নিয়ে কারাফটকে অবস্থান নেন ওই চারজন। পুলিশ বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা মুক্তি পাওয়া আসামিদের আত্মীয়-স্বজন নন। তারা বিভিন্ন এলাকা থেকে এসে ছবি তুলে শোডাউন দেওয়ার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *