চাঁদপুরের কচুয়ায় ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী (৩৫) নামে এক চিকিৎসককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার (৯ আগস্ট) রাতে কচুয়া বিশ্বরোড সংলগ্ন সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলার একটি আবাসিক কক্ষ থেকে তাকে আটক করা হয়। টাঙ্গাইল জেলার বাসিন্দা ডা. আসিফ ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি সোমবার (১০ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে হাসপাতালের ওই কক্ষে অভিযান চালানো হয়। এ সময় চিকিৎসক ডা. আসিফকে আটকের পাশাপাশি তার কক্ষ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনে ব্যবহৃত ২ রোল ফুয়েল পেপার, বিভিন্ন সরঞ্জাম ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রাতেই তাকে আইনি প্রক্রিয়ার জন্য কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।