ক্ষেপণাস্ত্রের আঘাতে ইয়েমেন উপকূলে ভারতীয় জাহাজ ডুবি, ১৪ নাবিক উদ্ধার

ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১৩ জন ভারতীয় নাগরিকসহ মোট ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। খবর বিবিসির। 

ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমএসভি ফয়েজ নূরে অলিয়া’। এই ‘উসকানিমূলক আক্রমণের’ তীব্র নিন্দা জানিয়ে সোনোয়াল বলেন, ওই অঞ্চলে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে ঠিক কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘গভীর উদ্বেগজনক’ মন্তব্য করে বলেন, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা অবিলম্বে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে এ অঞ্চলের জলপথে অবাধ ও বাধাহীন চলাচলের সুযোগ দিতে হবে।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করার পর থেকে বিকল্প পথ হিসেবে লোহিত সাগর ব্যবহার করছিল কিছু তেলবাহী জাহাজ। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা ২০ জুলাই সৌদির লোহিত সাগরের বন্দরগুলোতে অবরুদ্ধের ঘোষণা দিয়েছিল। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের বিরুদ্ধে বিস্ফোরক ভর্তি নৌকা ব্যবহার করে এই হামলা চালানোর অভিযোগ এনেছে। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা বিগত সপ্তাহে ওই অঞ্চলে কয়েকটি জাহাজে হামলার তথ্য জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *