রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ টিমন (৩৩) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ বান্দ্রা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আবুল কালাম আজাদ নিজের পাওয়ার টিলার-ট্রলিতে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি তার ট্রলিতে ধাক্কা দিলে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে নাচোল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং তারা উপস্থিত হয়ে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *