জুলাই দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক; যা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিদোয়ান শরীফ রিয়াদের পক্ষে তার মামা মো. সারোয়ার আজমের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ১১ জন জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন অতিথিরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু ও সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *