টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার সুযোগ ছিল আর্জেন্টিনার। কিন্তু ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছে আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ মিশন শেষে আপাতত ক্লাব ফুটবলে ব্যস্ত হয়েছেন ফুটবলাররা। তবে আর্জেন্টাইন সমর্থকদের প্রশ্ন আবার কবে মাঠে নামবেন লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজরা?
আলবিসেলেস্তে সমর্থকদের সেই অপেক্ষা খুব বেশি দীর্ঘ হচ্ছে না। আগামী সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে একাধিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই সূচিতে দুটি ম্যাচ খেলতে এশিয়া সফরেও আসবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক মার্টিন আরেভালো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরেভালোর বরাত দিয়ে ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘মুন্দো আলবিসেলেস্তো’ জানিয়েছে, সেপ্টেম্বর থেকে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে একটি ম্যাচ আর্জেন্টিনার ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। আর বাকি দুটি ম্যাচ খেলতে চীনে যাওয়ার কথা রয়েছে দলটির।
শুধু সেপ্টেম্বর-অক্টোবরই নয়, চলতি বছরের শেষভাগে অর্থাৎ আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতেও প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। তবে নভেম্বরের ম্যাচগুলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
খুব দ্রুতই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ দল এবং চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বলে জানা গেছে।