জুলাই দিবস উপলক্ষে ম্যারাথনে পাঁচ শতাধিক প্রতিযোগী

জুলাই দিবসের স্মৃতি ধরে রাখা এবং তরুণদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করতে চাঁদপুরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ম্যারাথনটি চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রমের পর পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক প্রতিযোগী এতে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, তরুণদের মাঝে শৃঙ্খলাবোধ ও স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই ছিল এ ম্যারাথনের মূল উদ্দেশ্য। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, জুলাই দিবস জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ইতিহাস সচেতন করার পাশাপাশি শারীরিক সুস্থতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনাকে বাঁচিয়ে রাখতে এমন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কল্যাণে আদর্শবান নাগরিক গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *