ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের গণজমায়েত

রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে মিছিল ও সমাবেশের ঘোষণা থাকলেও কর্মসূচি নির্ধারিত সময়ের কিছু পরে শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকেই ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে টিএসসি এলাকায় অবস্থান নেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রদলের সাম্প্রতিক হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এবং ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন।

এর আগে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম কর্মসূচির ঘোষণা দেন। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবং দাবি করেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে এর রাজনৈতিক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *