পুরস্কার জিতে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানালেন বুবলী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর সম্মাননা জিতেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পাওয়া এই অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে নায়িকা বলেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে সত্যি আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।”

পুরো টিমকে স্মরণ করে বুবলী আরও বলেন, “দেয়ালের দেশ’ সিনেমার পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক দলসহ পর্দার আড়ালে সব কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অদম্য পরিশ্রম, উৎসর্গ ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।”

এ ছাড়া উৎসবের আয়োজক, পরিবারের সদস্য, বন্ধু ও অভিনয়জীবনের শুরু থেকে পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।

দর্শকদের উদ্দেশে বুবলী লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা, উৎসাহ ও অবিরাম সমর্থন আমাকে প্রতিটি কাজে নতুনভাবে শেখার, বেড়ে ওঠার এবং নিজের সেরাটা দেওয়ার অনুপ্রেরণা দেয়। এই পুরস্কার আমার জন্য যেমন আশীর্বাদের, তেমনি আরও ভালো কাজ করার বড় একটি দায়িত্ব।’

সামনের দিনগুলোতে আরও সুন্দর গল্প ও অবিস্মরণীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন এই নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *