মিসরে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মিসরের পূর্বাঞ্চলে সুয়েজ শহরের কাছে ৫ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার (৩ আগস্ট) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই কর্তৃপক্ষ জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা চালু করে। তবে, তাৎক্ষণিকভাবে জরুরি সহায়তার কোনো অনুরোধ পাওয়া যায়নি।

কম্পন বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। কায়রোতে অবস্থানরত এএফপির সাংবাদিকরাও কম্পন অনুভব করেন। গাজা উপত্যকার সীমান্তের কাছে অবস্থিত এল-আরিশ শহর পর্যন্ত এই কম্পন পৌঁছায়। খবর এএফপির।

মিসরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিকস জানায়, স্থানীয় সময় রাত ৩টা  নাগাদ সুয়েজ শহরের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রতিষ্ঠানটি এর আগে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২ জানিয়েছিল। পরে তা সংশোধন করে ৫ দশমিক ৫ বলে জানায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে। সংস্থাটি আগের একটি হিসাব পরে সংশোধন করে এই তথ্য দেয়।

মিসরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফ্ফার দেশজুড়ে জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা চালুর নির্দেশ দেন। একই সঙ্গে অ্যাম্বুলেন্স সেবাকে ‘সর্বোচ্চ প্রস্তুতি’ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মিসরীয় রেড ক্রিসেন্ট বাসিন্দাদের পুরোনো ও জরাজীর্ণ ভবন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কায়রোর শ্রমজীবী মানুষের বসবাসকারী কয়েকটি এলাকায় এ ধরণের ভবন বেশি রয়েছে।

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিসরে শক্তিশালী ভূমিকম্প তুলনামূলকভাবে বিরল।

দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হানে ১৯৯২ সালের অক্টোবরে। সে সময় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে রাজধানী কায়রো কেঁপে ওঠে। এতে ৫০০ জনের বেশি মানুষ প্রাণ হারান এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *