অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেছে, এ বিষয়ে পাওয়া সব অভিযোগ ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। ফলে এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।
একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।