সাবেক ছাত্রলীগ নেতা অজয় কর আরেক মামলায় গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানায় মো. নাজমুল মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেন। 

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩০ জুলাই এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান সরকার। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন নির্ধারণ করেন।

নথি থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি, মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেপরোয়া হামলা চালায়। ওইদিন দুপুর ১২টার দিকে ধানমন্ডি হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি এলোপাথাড়ি গুলি ছোড়ে হামলাকারীরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মো. নাজমুল মিয়া। পরবর্তী সময়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় ভুক্তভোগীর সহকর্মী মোহাম্মদপুর থানায় এজাহারনামীয় এবং অজ্ঞাত ৪০০-৫০০ জনের নামে হত্যা মামলাটি দায়ের করেন। 

২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *