জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার (৩ আগস্ট) এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় অন্য তিন আসামিরা হলেন- যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
আবুল হাসানকে ট্রাইব্যুনালের অন্য মামলায় আগেই গ্রেপ্তার দেখানো হয়েছিল। আর অপর তিন আসামিকে বিভিন্ন থানায় হওয়া মামলায় আগে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যাত্রাবাড়ী এলাকায় ৮৫ জন নিহত হন।