চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক বাংলাদেশি যাত্রীর অন্তর্বাসে লুকানো অবস্থায় পাওয়া গেছে তিন কোটি টাকার স্বর্ণের পেস্ট ও স্বর্ণালংকার। পরে ওই যাত্রীকে আটক এবং তার পাসপোর্ট, মোবাইল ফোন ও বোর্ডিং পাস জব্দ করা হয়।
আজ সোমবার (৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আল আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে আঞ্চলিক কার্যালয়ের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের একটি প্রচেষ্টা নস্যাৎ করেছে। আজ সোমবার দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি১৪৮) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত বাংলাদেশি যাত্রী মোহাম্মদ তুসারকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়। তার পাসপোর্ট নম্বর ইএল০১০২৯৭২। তার স্থায়ী ঠিকানা দিঘলগাঁও পিপুলিয়া বাজার, কুমিল্লা। বিমানবন্দরে অবতরণের পর সিআইআইডির তথ্যের ভিত্তিতে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস হাউসের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ নজরদারি অভিযান চালানো হয়। পরবর্তীতে কাস্টমস হলে দেহ তল্লাশিকালে ওই যাত্রীর অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের পেস্ট ও স্বর্ণালংকার পাওয়া যায়। অভিযানে ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের পেস্ট (প্যাকিং মেটিরিয়ালসহ) এবং পাঁচটি স্বর্ণের চুড়িসহ ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় তিন কোটি টাকা। একই সঙ্গে ওই যাত্রীকে আটক এবং তার পাসপোর্ট, মোবাইলফোন ও বোর্ডিং পাস জব্দ করা হয়েছে।
আল আমিন শেখ আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিমানবন্দরের নিরাপত্তা ও নজরদারি এড়িয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে স্বর্ণকে পেস্টে রূপান্তর করে অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে আনা হয়েছে। তবে গোয়েন্দা তথ্য ও সমন্বিত অভিযানের ফলে চোরাচালানের এ অভিনব কৌশলও ব্যর্থ হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন, ১৯৫০, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪, বাংলাদেশ ব্যাংকের এফই সার্কুলার নং-০৬ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সিআইআইডি জানায়, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।