দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে প্রয়োজনীয় মেরামতকাজ শেষ হওয়ায় রাতের মধ্যেই ইউনিটটি পুনরায় চালু করার আশা করছে কর্তৃপক্ষ।
গতকাল শনিবার দিনগত ভোররাত ৫টা ৫০ মিনিটে ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। আজ রোববার (২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
প্রকৌশলী জানান, ত্রুটি শনাক্তের পর প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে রাতের মধ্যেই ১ নম্বর ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ইউনিটটি বন্ধ হওয়ার আগে সেখান থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট সক্ষমতার এ ইউনিট থেকে বর্তমানে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।