ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউড। চোট কাটিয়ে মাঠে নামতে মুখিয়ে থাকা এই পেসার এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন।
গত বছরের নভেম্বর থেকে হ্যামস্ট্রিং ও পেশির চোটে মাঠের বাইরে ছিলেন হ্যাজেলউড। যদিও গত এপ্রিলে আইপিএলে খেলেছেন, তবে জাতীয় দলের হয়ে এখনও ফেরা হয়নি তার। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে সম্প্রতি ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বেশ ঘাম ঝরাচ্ছেন তিনি।
নিজের প্রস্তুতি নিয়ে হ্যাজেলউড বলেন, ‘দীর্ঘদিন পর এমন দুর্দান্ত প্রস্তুতির সুযোগ পেয়েছি। বেশ লম্বা সময় ধরে একটানা বোলিং সেশন করেছি। এমনকি টানা দুদিন করেও বোলিং অনুশীলন চলছে। টেস্ট ম্যাচের আসল আবহ তৈরি করেই নিজেকে ঝালিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহেও আমাদের এমন কঠিন সেশন থাকবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি ধাপে ধাপে নিজেকে তৈরি করছি। এখন আমার মূল লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে থাকা এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আশা করি, মাঠে এর ভালো ফল পাব।’
দীর্ঘদিন পর দলে ফেরায় একাদশে জায়গা পাওয়াটা যে সহজ হবে না, সেটা ভালো করেই জানেন হ্যাজেলউড। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডদের সঙ্গে তীব্র লড়াই করেই তাকে জায়গা করে নিতে হবে।
এ বিষয়ে হ্যাজেলউড বলেন, ‘সামনের দেড় বছরে আমাদের অনেক টেস্ট ম্যাচ রয়েছে। আশা করি আমরা সবাই মিলে একসঙ্গে খেলতে পারব। দলে শুধু আমি, কামিন্স, স্টার্ক বা বোল্যান্ড নই, মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটও আছে। সামনের সিরিজগুলোতে আমাদের এই ছয় পেসারকেই প্রয়োজন হবে।’
স্কট বোল্যান্ডের সঙ্গে লড়াইয়ের বিষয়ে হ্যাজেলউড জানান, বোল্যান্ডকে তিনি প্রতিযোগী হিসেবে দেখছেন না। বরং তার সঙ্গে একসঙ্গেই মাঠ মাতাতে চান। বোল্যান্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘সে যখনই সুযোগ পেয়েছে, নিজের সেরাটা দিয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে তার বোলিং যেন আরও ধারালো হচ্ছে।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন হ্যাজেলউড। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে তার প্রয়োজন আর মাত্র ৫টি উইকেট। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাত্র আটজন বোলার এই কীর্তি গড়তে পেরেছেন, যার মধ্যে পেসার আছেন ছয়জন।