‘ককরোচ’ আন্দোলনে মোদিকে ঘিরে পোস্ট, ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা

ভারতের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘিরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে কিছুদিন আগে দেশজুড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছড়িয়ে পড়ে আন্দোন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট প্রকাশের কারণে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার ভারত শাখা প্রধানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দেশটির সাইবার ক্রাইম পুলিশ। তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে এ মামলা করা হয়। খবর টাইমস অব ইন্ডয়ার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ভিডিও ও ছবি প্রকাশের অভিযোগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকদের পক্ষ থেকে এ অভিযোগ দায়ের করা হয়েছে। দেশটির বিএনএস ও আইটি আইনের আওতায় বেশকিছু অ্যাকাউন্ট শনাক্ত করে এগুলোর অপারেটর হিসেবে মেটার ভারত শাখা প্রধানকে মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ প্রসঙ্গে ভারতের সাইবার অপরাধ বিষয়ক একজন তদন্তকারী বলেন, ‘আমরা অভিযোগকারীদের উল্লেখ করা আপত্তিকর লিঙ্কগুলো সম্পর্কে মেটার বিরুদ্ধে একটি নোটিশ জারি করেছি। বর্তমানে আমরা অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে অভিযুক্ত লিঙ্কগুলো পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে। যদিও পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের ওই অ্যাকাউন্টগুলোর অপারেটরদের শনাক্ত করতে কাজ চলছে।

অভিযোগকারীদের মধ্যে একজন হলেন, তেলেঙ্গানা রাজ্য বিজেপির মিডিয়া কোর কমিটির সদস্য সাইকিরণ গৌড়। গত বুধবার রাতে তিনি ২০টি ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক লিপিবদ্ধ করে এগুলোর কন্টেন্ট হোস্ট করার জন্য মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। সাইকরণ গৌড় তার অভিযোগে বলেন, ওইসব অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মানহানিকর পোস্ট ছড়ানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এসব কন্টেন্ট দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জননিরাপত্তার জন্য ক্ষতিকর।

পাশাপাশি, অরবিন্দ রেড্ডি নামে তেলেঙ্গানা রাজ্যের নামপল্লী এলাকার আরেকজন বিজেপি সমর্থক তার অভিযোগে উল্লেখ করেন, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের কিছু পোস্ট, ভিডিও এবং ছবি ছিল ‘অশ্লীল’।

অরবিন্দ রেড্ডি তার অভিযোগে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বিভ্রান্তিকরভাবে চিত্রিত করে এমন অশ্লীল, অবমাননাকর ও বিকৃত ভিডিও এবং ছবি তার নজরে এসেছে। তিনি আরও বলেন, ডিজিটালভাবে কারসাজি করা ওই কন্টেন্টগুলো ছিল আপত্তিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *