ফরিদপুর পৌরসভার বায়তুল আমান এলাকায় মাকে হত্যার পর পালিয়ে যাওয়া মাদকাসক্ত সন্তান আব্দুর রহিম শেখকে (৩২) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সালথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।
এর আগে দুপুরে মাকে হত্যা করে পালিয়ে যান এই মাদকাসক্ত সন্তান আব্দুর রহিম। তিনি এর আগেও তার সৎমাকে হত্যা করেন। এরপর আপন মা এক বছর আগে জামিন করান। জামিনে বেরিয়ে নেশার টাকার জন্য এবার আপন মাকেও হত্যার অভিযোগে অভিযুক্ত হন এই সন্তান।
পুলিশ জানায়, মাকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় সালথা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানায় নিয়ে আসা হয়।
গতকাল বৃহস্পতিবার ফরিদপুর শহরের আব্দুর রহমান মোল্লাডাঙ্গী এলাকায় নিজ বাসায় সাহেলা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে আব্দুর রহিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত রহিম পলাতক ছিলেন। পরে পুলিশের অভিযানে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।