জর্ডান ঘাঁটিতে হামলায় ‘এফ-৩৫’ ধ্বংসের দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান, এমনকি ‘এফ-৩৫’ স্টেলথ ফাইটার ধ্বংসের দাবি নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এসব তথ্যকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সাম্প্রতিক হামলায় কোনো মার্কিন বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘সাম্প্রতিক ইরানি হামলার চেষ্টায় কোনো মার্কিন বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি।’

এর আগে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা তিনটি মার্কিন ‘এফ-৩৫’ যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং আরও তিনটি ক্ষতিগ্রস্ত করেছে। হামলায় কয়েকজন কর্মকর্তা ও প্রযুক্তিগত এবং রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করে তারা।

তবে সেন্টকম জানিয়েছে, ইরান থেকে আসা সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হয় প্রতিহত করা হয়েছে, অথবা নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন সামরিক কমান্ড।

এদিকে, বৃহস্পতিবার জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। টানা চতুর্থ দিনের মতো ইরানের হামলা প্রতিহত করার দাবি করলো জর্ডান।

একই বিবৃতিতে সেন্টকম ‘এম/টি নোরা’ নামের একটি তেলবাহী জাহাজ মার্কিন নৌ-অবরোধ ভেঙে বেরিয়ে গেছে—এমন খবরও প্রত্যাখ্যান করেছে। মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানের ওপর আরোপিত ‘স্টিল ওয়াল’ অবরোধ কার্যকর রাখতে ২০টির বেশি যুদ্ধজাহাজ এবং শত শত সামরিক বিমান কাজ করছে।

পাশাপাশি, হরমুজ প্রণালি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ, আইআরজিসির এমন দাবিও প্রত্যাখ্যান করেছে সেন্টকম। তাদের দাবি, বেসামরিক জাহাজের জন্য প্রধান হুমকি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কার্যক্রম।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই জর্ডানের ঘাঁটিতে হামলা নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য সামনে এসেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *