ফরিদপুর শহরে নেশার টাকার জন্য সৎমায়ের পর আপন মাকে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামেলা আক্তার (৬০) ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী। তার চার সন্তানের মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, শামেলা আক্তারকে তার ছেলে রাহিম শেখ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। নেশার টাকা জগাড় করতেই তিনি মাকে হত্যা করেন।
প্রায় সাত বছর আগে রাহিম শেখ তার সৎমাকে একই ধরনের ঘটনায় হত্যা করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সন্তান পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।