‘ধুম ৪’ এ নেই রণবীর কাপুর, জানালেন নিজেই

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘ধুম ৪’-এ অভিনয় করছেন না রণবীর কাপুর। দীর্ঘদিন ধরে সিনেমাটির প্রধান চরিত্রে তাকে দেখা যাবে বলে গুঞ্জন ছিল। এমনকি যশ রাজ ফিল্মসের এই সিনেমায় রণবীরকে চূড়ান্ত করা হয়েছে বলেও বিভিন্ন সময়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এবার সেই গুঞ্জনের অবসান ঘটালেন অভিনেতা নিজেই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনে ‘রামায়ণ’-এর প্রচারণায় অংশ নেন রণবীর কাপুর। সেখানে নিজের আগামী সিনেমা নিয়ে কথা বলার সময় ‘ধুম ৪’-এ অভিনয়ের প্রসঙ্গ আসে। জবাবে অভিনেতা বলেন, ‘না, এখন আমি ‘রামায়ণ’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কাজ করছি।’

এর আগে ‘ধুম’ সিরিজের চতুর্থ কিস্তিতে রণবীরকে দেখা যাবে—এমন খবর নিয়ে বলিউডে বেশ আলোচনা হয়েছিল। তবে অভিনেতার বক্তব্যে আপাতত সেই সম্ভাবনার অবসান হলো।

এদিকে রণবীর কাপুরের ব্যস্ততা এখন ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রণবীরকে দেখা যাবে রামের চরিত্রে। সিনেমাটির দ্বিতীয় পর্বের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে ‘রামায়ণ’-এর প্রচারণায় রণবীরের সঙ্গে দেখা গেছে দক্ষিণী তারকা যশকেও।

অন্যদিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। বড় বাজেটের এই রোমান্টিক-ড্রামা সিনেমাটি ২০২৭ সালের শুরুতে মুক্তির পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য মুক্তির তারিখ হিসেবে ২৪ জানুয়ারির কথাও জানিয়েছেন রণবীর।

রণবীরের ২০২৩ সালের আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’-এর পরবর্তী কিস্তি ‘অ্যানিমেল পার্ক’ নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে নতুন কোনো তথ্য দেননি অভিনেতা। ফলে আপাতত ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েই ব্যস্ত থাকছেন বলিউডের এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *