স্থগিত অনুপম রায়ের কনসার্ট

জীবনঘনিষ্ঠ কথমালায় বুঁদ হতে মুখিয়ে ছিলেন দেশের হাজারো সংগীতপ্রেমী। ওপার বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রায়ের কণ্ঠে সরাসরি ‘আমাকে আমার মতো থাকতে দাও’, ‘তুমি যাকে ভালোবাসো’, ‘বেঁচে থাকার গান’ কিংবা ‘জানি দেখা হবে’ এমন হৃদয়ছোঁয়া সব গান শোনার প্রহর গুণছিলেন ভক্তরা। কিন্তু সমস্ত আয়োজন ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে এসে থামতে হলো আয়োজকদের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক নির্দেশে হঠাৎ করেই স্থগিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি।

আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই মেগা কনসার্টটি আয়োজিত হওয়ার কথা ছিল। যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। 

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ ছিল। তবে একেবারেই শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কনসার্টটি আয়োজন না করার নির্দেশনা জারি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রিপল টাইম কমিউনিকেশন সরকারের এই সিদ্ধান্ত ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে। এক পোস্টে তারা উল্লেখ করে, ‘সব অনুমোদন দেওয়ার পরও ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুপম রায়ের শো বাতিল করল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে বহু প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি আয়োজিত হওয়ার কথা ছিল।’

এই আকস্মিক সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, শিল্পী, পৃষ্ঠপোষকসহ সংশ্লিষ্ট সকলে হতাশ হলেও আয়োজক সংস্থা রাষ্ট্রের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশাবলীকে সর্বোচ্চ সম্মান জানিয়ে কনসার্টটি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি, অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সকল টিকিটধারীকে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং আগামী রোববারের মধ্যে টাকা ফেরতের প্রক্রিয়াটি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *