অনিশ্চয়তার মুখে নেইমারের ভবিষ্যৎ

হতাশার বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলেও স্বস্তি পাচ্ছেন না নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। ফলে ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাওয়া চুক্তি নবায়নের সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম জি গ্লোবো জানিয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্লাব পরিচালনা পর্ষদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। অনুশীলনে তার আচরণ, ড্রেসিংরুমের পরিবেশ এবং নেতৃত্ব নিয়ে ক্লাবের ভেতরে অসন্তোষ বাড়ছে। মে মাসে অনুশীলনের সময় রবিনহো জুনিয়রের সঙ্গে বাগবিতণ্ডার পর সেই আলোচনা আরও জোরালো হয়।

বিতর্ক আরও বাড়ে কোপা সুদামেরিকানার সময়। সান্তোস যখন ভেনেজুয়েলায় ম্যাচ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন নেইমারকে দেখা যায় সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে। পরে সমালোচনার জবাব দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। এমনকি শাপেকোয়েন্সের বিপক্ষে গোল করার পর তাস বিলানোর ভঙ্গিতে উদযাপনও করেন।

গ্লোবোর প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের মতে প্রতিদিনের রুটিনে বিরক্ত নেইমার এবং তিনি ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন। তবে বাণিজ্যিক দায়বদ্ধতার কারণে তার বাবা এখনও ক্যারিয়ার চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন।

আল হিলাল ছেড়ে ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন নেইমার। মাত্র এক বছরের মধ্যেই সেই প্রত্যাবর্তন অনিশ্চয়তায় রূপ নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষই চুক্তি নবায়নের সম্ভাবনাকে খুব একটা বাস্তবসম্মত বলে মনে করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *