পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা

পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় অনবরত কান্নাকাটি করায় নিজের তিন বছর বয়সী শিশুকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। গত জুনের শেষের দিকে ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় এই ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ জানায়, গত ২৮ জুন মথুরার বলদেব থানা এলাকার ছৌলি গ্রামে এই ঘটনা ঘটে। পেশায় ফার্মেসি ব্যবসায়ী কৃষ্ণ মুরারি গুপ্তার স্ত্রী রুচি জিন্দাল তার স্বামীকে ফোন করে জানান, তাদের সন্তান অনবরত কান্নাকাটি করার পর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছে। পরে শিশুটিকে দ্রুত মথুরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেদিন শিশুটিকে পোলিও টিকা দেওয়া হয়েছিল বিধায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়াতেই হয়তো তার মৃত্যু হয়েছে। কোনো সন্দেহ না থাকায় স্বাভাবিকভাবেই শিশুটিকে সমাহিত করা হয়।

ঘটনার প্রায় এক মাস পর গত সোমবার স্ত্রী রুচি জিন্দাল ফোনে তার পরকীয়া প্রেমিকের কাছে এই হত্যাকাণ্ডের বিবরণ দিচ্ছিলেন। এ সময় স্বামী কৃষ্ণ মুরারি তা আড়ি পেতে শুনে ফেলেন। পরবর্তীতে তার ভাই গোবিন্দ গুপ্ত রুচির ফোনের কল রেকর্ড যাচাই করে দেখতে পান যে, তিনি এক ব্যক্তির সঙ্গে নিয়মিত দীর্ঘ সময় ধরে কথা বলতেন।

বলদেব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অজয় শর্মা জানান, গোবিন্দ গুপ্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্ত নারীকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ জানিয়েছে, সত্যতা নিশ্চিত করতে শিশুটির মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *