শাপকোয়েন্সের বিপক্ষে নাটকীয় ড্রয়ে জোড়া গোল করে সান্তোসকে হার থেকে বাঁচিয়েছিলেন নেইমার। কিন্তু ম্যাচের নায়ক হওয়ার পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। পারফরম্যান্স নয়, বরং ড্রেসিংরুমে ঘটে যাওয়া উত্তপ্ত এক ঘটনায় সমালোচিত হচ্ছেন নেইমার।
ব্রাজিলিয়ান লিগে শনিবার শাপকোয়েন্সের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে সান্তোস। বিশ্বকাপ থেকে ফেরার পর এটিই ছিল নেইমারের প্রথম ম্যাচ। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দুটি গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে করা তার গোলেই হার এড়ায় সান্তোস। ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেন তিনি, ফলে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন।
মাঠের লড়াই শেষ হওয়ার আগেই অবশ্য ড্রেসিংরুমে তৈরি হয়েছিল উত্তেজনা। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর দাবি, বিরতির সময় কয়েকজন সতীর্থের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। বিশেষ করে তরুণ ফুটবলার গ্যাব্রিয়েল বনতেম্পো ও জোয়াও অ্যানানিয়াসের সঙ্গে তার উত্তপ্ত তর্ক হয়।
প্রতিবেদন অনুযায়ী, বনতেম্পোকে লক্ষ্য করে কঠোর ভাষায় কথা বলেন নেইমার। এমনকি তার পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলার মন্তব্যও করেন বলে দাবি করা হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নেইমারের ঘনিষ্ঠজনেরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে বনতেম্পো ও অ্যানানিয়াস স্বীকার করেছেন যে বিরতির সময় তর্ক হয়েছিল, কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত কটুক্তির অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তারা।
ঘটনার প্রভাব মাঠের খেলাতেও পড়েছে বলে মনে করছে সান্তোস। ক্লাবের ধারণা, বিরতির সময়ের উত্তেজনাই দ্বিতীয়ার্ধে দলের ছন্দ নষ্ট করেছে। পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সান্তোস।