নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ও সুপারহিট অনস্ক্রিন জুটি ছিলেন গোবিন্দা ও কারিশমা কাপুর। ‘কুলি নম্বর ১’, ‘রাজা বাবু’, ‘হাসিনা মান জায়েগি’, ‘হিরো নম্বর ১’-এর মতো একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তারা। কিন্তু একসময় হঠাৎ করেই এই হিট জুটির একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায়। এতদিন সেই নিয়ে নানা গুঞ্জন থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে এর পেছনের আসল কারণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ অভিনেত্রী শাগুফতা আলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হিরো নং ১’ সিনেমার এই সহ-অভিনেত্রী গোবিন্দ ও কারিশমার সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।
অভিনেত্রী বলেন, ‘কারিশমা কাপুর অত্যন্ত পরিশ্রমী ও নিজের কাজের প্রতি নিবেদিত ছিলেন। তবে তার আচরণে কিছু সমস্যা ছিল এবং তিনি বেশ জেদি ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন।’
অন্যদিকে গোবিন্দ প্রসঙ্গে শাগুফতা বলেন, ‘তিনি প্রায়ই শুটিং সেটে দেরি করে আসতেন। তবে ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত উদার ও বড় মনের মানুষ।’কেন একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেওয়া সত্ত্বেও গোবিন্দ ও কারিশমার জুটি ভেঙে গিয়েছিল। কেন তারা একসঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন?
কারিশমা ও গোবিন্দ প্রসঙ্গে শাগুফতা বলেন, ‘সময়ের সঙ্গে তাদের আগ্রহ নিশ্চয়ই কমে গিয়েছিল। ভালোবাসা নিশ্চয়ই শেষ হয়ে গিয়েছিল। নায়িকাদের মেজাজের উপর ভরসা করা যায় না, আর অতিরিক্ত উচ্চাকাঙ্খী হওয়াটাও ভালো ব্যাপার নয়। কারিশমা অতিরিক্ত উচ্চাকাঙ্খী, পরিশ্রমী হলেও, তার মধ্যে অনেক জেদ ছিল।’
একটা সময়ে গোবিন্দ ও কারিশমার প্রেম নিয়েও জোর গুঞ্জন চলেছে। তাদের মধ্যে কোনো গোপন প্রেম ছিল কি না- এমন প্রশ্নের উত্তরে শাগুফতা বলেন, ‘তিনি কখনো খোলাখুলি কথা বলেননি। তবে ব্যাপারটা স্পষ্ট ছিল। জনসমক্ষে যতদিন তাঁদের জুটি দেখা গিয়েছে, ততদিনই তা টিকেছিল। পরে একই নায়িকার সঙ্গে গোবিন্দকে দেখতে দেখতে দর্শকরাও বিরক্ত হয়ে গিয়েছিল।’
গোবিন্দর স্ত্রী সুনীতা এই সম্পর্কের কথা জানতেন? শাগুফতার মতে, হয়তো জানতেন। কিন্তু সুনীতা সেটে কখনো কোনো ঝামেলা করেননি। এমনকী তিনি কখনো প্রকাশ্যে গোবিন্দকে তাঁর এই সম্পর্ক নিয়ে প্রশ্নও করেননি। অত্যন্ত মার্জিতভাবে বিষয়টা সামলেছেন সুনীতা।