নেত্রকোনার বারহাট্টায় গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আকাশ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ধনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘরের বারান্দার টিনের চালে উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় অসাবধানতাবশত ঘরের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে তিনি বিদ্যুতায়িত হন এবং চাল থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ সরকার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে ঘটনাটি বারহাট্টা থানা এলাকার অধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা সেখান থেকেই নেওয়া হচ্ছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আকাশের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।