গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে অচিন্ত কুন্ডু (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন দুজন।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলার মাঝামাঝি চামটা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক অচিন্ত কুন্ডু মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট গ্রামের অশিদ কুন্ডুর ছেলে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব বলেন, মূলত দুটি মোটরসাইকেল প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
নিহত অচিন্ত কুন্ডু ও তার আরও দুই বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চামটা ব্রিজ থেকে টেকেরহাট এলাকার দিকে যাচ্ছিলো। এ সময় তাদের দুটি মোটরসাইকেলের মাঝে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হয় অচিন্ত। দুর্ঘটনায় আহত হয় অপর মোটরসাইকেলে থাকা অন্য দুজন।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে আহত দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।