আর্জেন্টিনার হারে বর্ণবাদের অভিযোগ তুললেন মার্কিন কংগ্রেস সদস্য

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য জ্যাসমিন ক্রকেট। তার দাবি, ফাইনালে স্পেনের প্রতি বিশ্বজুড়ে সমর্থনের পেছনে আর্জেন্টিনার কথিত ‘বর্ণবাদের ইতিহাস’ সম্পর্কিত ধারণাও একটি কারণ ছিল।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক শুনানিতে ইতিহাসবিদ ডেভিড ব্লাইটের কাছে এ বিষয়ে জানতে চান ক্রকেট। জবাবে ব্লাইট বলেন, স্পেন হয়তো ভালো দল ছিল বলেই মানুষ তাদের সমর্থন করেছে। তবে সেই ব্যাখ্যা নাকচ করে ক্রকেট বলেন, আর্জেন্টিনার বর্ণবাদের ইতিহাসও বিশ্ববাসীর অবস্থানকে প্রভাবিত করেছে।

ক্রকেটের এই মন্তব্য বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিতর্ককে আরও উসকে দেয়। এর আগে হলিউড অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসনও একটি পোস্ট শেয়ার করে কৃষ্ণাঙ্গদের আর্জেন্টিনাকে সমর্থন না করার আহ্বান জানান। এরপর কৃষ্ণাঙ্গ আর্জেন্টাইন, বর্ণবাদবিরোধী কর্মী ও প্রবাসীরা এর প্রতিবাদ জানিয়ে বলেন, আর্জেন্টিনার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ঘৃণার প্রচারণা চালানো হচ্ছে।

নিউইয়র্কে বসবাসরত কৃষ্ণাঙ্গ আর্জেন্টাইন জোয়ে জেরবাউদো বলেন, আর্জেন্টিনা তাদের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করেছে। এমন অভিযোগ সত্য নয়। অন্যদিকে, আফ্রো-আর্জেন্টাইন শিল্পী ইমানুয়েল এনটাকা বলেন, আর্জেন্টিনায় কৃষ্ণাঙ্গদের অস্তিত্ব অস্বীকার করাই এক ধরনের বর্ণবাদ। তিনি তাদের ইতিহাস ও অস্তিত্ব স্বীকার করার আহ্বান জানান।

এদিকে আর্জেন্টিনা বিরোধী পোস্ট শেয়ার করায় স্প্যানিশ গায়িকা রোজালিয়া এবং মার্কিন সংগীতশিল্পী প্যাটি স্মিথ পৃথকভাবে ক্ষমা চেয়েছেন। রোজালিয়া জানান, না পড়েই পোস্টটি শেয়ার করেছিলেন। আর প্যাটি স্মিথ বলেন, তার কোনো মন্তব্যই আর্জেন্টিনার মানুষকে আঘাত করার উদ্দেশ্যে ছিল না। দুজনই আর্জেন্টিনার মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দুঃখ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *