ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ছাত্র আন্দোলন অব্যাহত রাখার দাবিতে দৃঢ় অবস্থান পুনঃব্যক্ত করেছে ককরোচ জনতা পার্টি। সরকারের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার পর আজ শুক্রবার (২৪ জুলাই) এ কথা জানায় তারা।
এদিকে, শুক্রবার বিকেলে কন্সটিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে বৈঠকের পর পদত্যাগের দাবির বিষয়ে কেন্দ্র শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে বলে ককরোচ আন্দোলনের নেতারা জানিয়েছেন।
ককরোচ জনতা পার্টির সাথে আলোচনায় সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, অন্যদিকে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিত্ব করেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা।
আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি, সরকার শীঘ্রই তাঁকে অপসারণ করবে। সরকার আত্মহত্যায় মৃত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও আইনি মামলা প্রত্যাহারের দুটি দাবিতে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
সরকার তাদের দুটি শর্তসাপেক্ষ দাবি মেনে নেওয়ার পর সিজেপি সংলাপে সম্মত হয়েছে বলে জানা গেছে। দাবি দুটি হলো, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং সাম্প্রতিক পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
সরকারের প্রতিনিধিদের সাথে ককরোচ নেতাদের বৈঠকটি প্রায় ২ ঘণ্টা ধরে চলে। তাদের ৩টি প্রধান দাবি এবং পরীক্ষা সংক্রান্ত ৫টি সংস্কারের পরামর্শ ছিল।
সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, আমরা তাদের জানিয়েছি যে শনিবার বিকেলে আমরা তাদের সাথে আবার দেখা করব এবং সরকারের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাদের জানাব।