নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় চতুর্থ শ্রেণির ১৭ জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বুধবার (২২ জুলাই) বিকেল সাড় ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুস সালাম। তিনি ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
ঘটনার জেরে বুধবার রাতে বিদ্যালয় সংলগ্ন নারচী মোড়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, ঘটনার দিন ক্লাস ফাঁকা থাকায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে গান গাইছিল। এ সময় সহকারী শিক্ষক আব্দুস সালাম ক্ষুব্ধ হয়ে একখণ্ড বৈদ্যুতিক তার দিয়ে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের বেধড়ক পেটাতে থাকেন। এতে কক্ষে থাকা ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ছেলে-মেয়ে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী শামীমা আক্তার ও আব্দুর রহমান জানায়, শিক্ষক আব্দুস সালাম আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনা দল হেরে যাওয়া নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে তাদের পিঠে তার দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের মারধর করায় আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব।
এ বিষয়ে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনও অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।