কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী তাহের মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা থেকে প্রায় ৪০-৪৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা ‘আল্লাহর দান’ নামের বাসটি এই দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তারা বাস থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার আওতায় আনা হয়েছে।