বিশ্বকাপ খেলা দেখা নিয়ে নববধূর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবকের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই বাড়ির কুয়েত প্রবাসী আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়রা জানায়, রায়হান সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন। গতকাল রোববার দিনগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখেন। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরার পর খেলা দেখা ও দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তখন রায়হান স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী কিছু দূর গিয়ে আবার ঘরে ফিরে দেখেন স্বামী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। আজই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার কথা ছিল। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *