ফিফা বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ফাইল ছবি
আগামী রোববার (১৯ জুলাই) দিনগত রাত ১টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। এই মহারণকে ঘিরে ঢাকাসহ সারা দেশের ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। পাড়া-মহল্লায়, ক্লাবে কিংবা বিভিন্ন মাঠ ও উন্মুক্ত স্থানে খোলা আকাশের নিচে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিয়েছেন সমর্থকরা। তবে বৈরী আবহাওয়ার কারণে এই আনন্দ আয়োজনে কোনো বিঘ্ন ঘটবে কিনা, তা নিয়ে কোটি ফুটবল ভক্তের মনে রয়েছে সংশয়।
ভক্তদের এই উৎকণ্ঠার মাঝেই ফাইনালের রাতে বৃষ্টির সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১৭ জুলাই) আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, রোববার দিনগত রাতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৯ জুলাই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাসও রয়েছে।
বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় ফাইনাল খেলা শুরুর সময় অর্থাৎ মধ্যরাতে খোলা আকাশের নিচে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার প্রস্তুতি কিছুটা বিঘ্নিত হতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলের রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টির বেগ তুলনামূলক কম এবং কেবল কিছু কিছু জায়গায় হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে।
sn/sks