সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : আর্জেন্টিনা নাকি জর্ডান, কে জিতবে?

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য বিশেষ দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের টানা তিন ম্যাচে ক্লিন শিট বা গোলপোস্ট অক্ষত রাখার হাতছানি। দ্বিতীয়ত, টানা সাত ম্যাচে গোল করার রেকর্ডের খুব কাছে দাঁড়িয়ে অধিনায়ক লিওনেল মেসি।

যদিও গুঞ্জন রয়েছে, জর্ডানের বিপক্ষে মেসিকে শুরুর একাদশে বিশ্রাম দিতে পারেন কোচ লিওনেল স্কালোনি। তবে দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামলে তার সামনে সুযোগ থাকবে জাস্ট ফন্টেইন ও জাইরজিনহোর মতো কিংবদন্তিদের ছাড়িয়ে টানা সাত ম্যাচে গোল করার অবিস্মরণীয় রেকর্ড গড়ার।

অন্যদিকে, জর্ডানের জন্য এই ম্যাচটি ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ। র‍্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে থাকা দলটি এখন পর্যন্ত কোনো দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পায়নি। দলের কোচ জামাল সেল্লামি বেশ আত্মবিশ্বাসী।

পরিসংখ্যান বলছে, লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে জর্ডানের রেকর্ড খুব একটা ভালো নয়। শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই হেরেছে তারা। তবে জর্ডান শিবিরে জয়ের প্রত্যাশা আকাশছোঁয়া।

এদিকে, মাঠের লড়াই শুরুর আগেই পূর্বাভাস দিয়ে রেখেছে ‘অপ্টা সুপারকম্পিউটার’। তাদের হিসাব অনুযায়ী, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৮.১ শতাংশ। বিপরীতে জর্ডানের জয়ের সম্ভাবনা মাত্র ৮.৭ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৩.২ শতাংশ।

সব মিলিয়ে সুপারকম্পিউটার আর্জেন্টিনাকে ফেভারিট মানলেও, ফুটবলে অঘটন নতুন কিছু নয়। এবারের বিশ্বকাপেও ইতোমধ্যে বেশ কয়েকটি অঘটন দেখা গেছে। তাই সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *