যে কারণে এখনও বিশ্বকাপে দেখা যায়নি ট্রাম্পকে

মার্কিন মুলুকের বিশ্বকাপে অন্যতম আকর্ষণ ছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ শুরুর আগে ট্রাম্পকে বেশ সক্রিয় দেখা গেলেও, আসর শুরু হতেই যেন উধাও তিনি। আর একদিন পর শেষ হবে গ্রুপ পর্ব। অথচ, একটি ম্যাচও মাঠে বসে দেখেননি তিনি।

১২ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন না ট্রাম্প। তার বদলে অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও, এর দুই দিন পর হোয়াইট হাউসের লনে আয়োজিত একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) অনুষ্ঠানে অংশ নেওয়াকেই তিনি অগ্রাধিকার দেন। ওই অনুষ্ঠানটি ছিল যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তার ৮০তম জন্মদিন উপলক্ষে।

সবার মনে তা-ই প্রশ্ন, হঠাৎ করে কেন নিষ্ক্রিয় হলেন ট্রাম্প? বিবিসি স্পোর্টস এর উত্তর খোঁজার চেষ্টা করেছে। বিবিসির প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মিডিয়া পরিচালক এবং রাজনৈতিক বিশ্লেষক ফেদেরিকো দে জেসুসের জানান, এতে অবাক হওয়ার কিছু নেই।

জেসুসের মতে, ট্রাম্পের সঙ্গে ইউএফসির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তিনি সাধারণত সবচেয়ে বড় মঞ্চেই উপস্থিত হতে পছন্দ করেন।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের অনুপস্থিতির আরেকটি কারণ হতে পারে সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়া। চলতি মাসের শুরুতে এনবিএ ফাইনালে উপস্থিত হয়ে দর্শকদের দুয়ো ধ্বনির মুখে পড়েছিলেন তিনি। তার প্রশাসনের অভিবাসন ও পররাষ্ট্রনীতি নিয়ে বিতর্ক থাকায় আন্তর্জাতিক দর্শকসমৃদ্ধ বিশ্বকাপের ম্যাচে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প। এমনকি বিশ্বকাপজয়ী দলের হাতে শিরোপা তিনিই তুলে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *