ব্রাজিলের ফুটবল ইতিহাসে ২০১৪ সালের ৮ জুলাই এক দুঃস্বপ্নের দিন। নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের অবিশ্বাস্য হার আজও ব্রাজিলিয়ান সমর্থকদের তাড়িয়ে বেড়ায়। ১২ বছর পর বিশ্বকাপের নতুন সমীকরণ সেই দুই দলের আরেকটি নকআউট লড়াইয়ের সম্ভাবনা তৈরি করেছে।
গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। একই গ্রুপে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো এবং ফেয়ার প্লের বিচারে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। ফলে শেষ ৩২ নিশ্চিত করতে হাইতির বিপক্ষে জয় এখন সেলেসাওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নতুন ৪৮ দলের বিশ্বকাপ ফরম্যাটে ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকে সেরা আটটি দলও নকআউট পর্বে জায়গা পাবে। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী গ্রুপ ‘সি’-এর তৃতীয় দলকে শেষ ৩২-এ গ্রুপ ‘এ’, ‘ই’ বা ‘আই’-এর মধ্যে যেকোনো একটির শীর্ষ দলের মুখোমুখি হতে পারে।
এই সমীকরণে ব্রাজিল যদি তৃতীয় স্থানেই থেকে যায় এবং জার্মানি নিজেদের গ্রুপের শীর্ষে থাকে, তাহলে দুই ফুটবল পরাশক্তির নকআউট লড়াই দেখা যেতে পারে। এমন সম্ভাবনাই ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জার্মানি নিজেদের প্রথম ম্যাচেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে শক্তির জানান দিয়েছে। অন্যদিকে, ব্রাজিল এখনও খুঁজছে টুর্নামেন্টে প্রথম জয়। যদিও গ্রুপপর্বের বাকি ম্যাচগুলো নকআউটের চূড়ান্ত চিত্র বদলে দিতে পারে। তবুও বর্তমান সমীকরণ এক সম্ভাব্য মহারণের ইঙ্গিত দিচ্ছে।
যদি সেই ম্যাচ বাস্তবে রূপ নেয়, তবে ব্রাজিলের সামনে থাকবে ২০১৪ সালের দুঃসহ স্মৃতি মুছে দেওয়ার সুযোগ। আর জার্মানি চাইবে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় সেই জয়ের গল্পে যোগ করতে নতুন আরেকটি অধ্যায়।