বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচে জয়ের জন্য ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত রক্ষণে দৃঢ় থাকা এবং কোনো গোল না খাওয়া। এমনটাই মনে করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। তার মতে, ক্লিন শিট ধরে রাখা দলের সাফল্যের পথে বড় ভূমিকা রাখবে। যদিও এটি পুরো দলের সম্মিলিত দায়িত্ব।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েল জানান, মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর দল নিজেদের ভুলগুলো নিয়ে বিশ্লেষণ করেছে এবং হাইতির বিপক্ষে উন্নতির লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, কোচও নিয়মিতভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে দলকে সঠিকভাবে গুছিয়ে নিচ্ছেন।
গ্যাব্রিয়েল আরও জানান, পুরো সপ্তাহজুড়েই দল কঠোর অনুশীলন করেছে এবং হাইতির বিপক্ষে ম্যাচকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। ব্রাজিলের লক্ষ্য থাকবে নিজেদের স্বাভাবিক খেলা ফিরিয়ে আনা এবং জয়ের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা।
মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়াকে তিনি “শিক্ষণীয় অভিজ্ঞতা” হিসেবে উল্লেখ করেন। তার মতে, ব্রাজিল সবসময় বল দখলে রেখে খেলতে চায়, আর পরবর্তী ম্যাচে তারা সেই পরিচিত ছন্দে ফেরার চেষ্টা করবে।
এছাড়া চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মার্কিনিয়োসের সঙ্গে তার আবেগঘন মুহূর্ত নিয়েও কথা বলেন গ্যাব্রিয়েল। তিনি জানান, সেই সময় মার্কিনিয়োস যেভাবে তাকে সান্ত্বনা দিয়েছিলেন। তা তার কাছে অনেক অর্থপূর্ণ ছিল এবং এর পর থেকে সতীর্থের প্রতি তার সম্মান ও ভালোবাসা আরও বেড়ে গেছে।