সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে প্রায় ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ (২৮ জুন) সকাল ১১টায় ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ৩৩ বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ আসামিসহ মোট ১২৬ কোটি ৬৬ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়, যার অংশ হিসেবে আজ এই মাদকগুলো ধ্বংস করা হয়েছে।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৮.৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৭২.৫০ মি.লি. এলএসডি, ৪৭,২৭০ পিস ইয়াবা, চার হাজার ৫২৪ বোতল ফেনসিডিল, হাজার ৭৯১ বোতল মদ, ৩৩.৪ কেজি গাঁজা, ৬৩ লক্ষাধিক পিস অবৈধ ওষুধ এবং ২০ বোতল আফিম তৈরির কেমিক্যাল।
৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান তাঁর বক্তব্যে মাদকমুক্ত দেশ গঠনে বিজিবির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।