২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৬ জন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়– গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৬৭ জন। আর হামে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১০৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের।

প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১০ হাজার ৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *