চলতি বছরের জুন মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২১ হাজার ২২৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।
আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্য অনুযাযী, গতকাল মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী আয় এসেছে এক হাজার ২৮৮ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের জুন মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে পাঁচ দশমিক ৯০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৬ জুন পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৯১৩ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ।