১২তলা থেকে নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক

জাপানের নাগোয়ার নাকা ওয়ার্ডে একটি ১২তলা অ্যাপার্টমেন্ট ভবন থেকে এক যুবক নিচে ফুটপাতে হেঁটে যাওয়া এক নারীর ওপর পড়েন। এই মর্মান্তিক ও অদ্ভুত দুর্ঘটনায় ওই নারী মারা গেছেন এবং ওপর থেকে পড়ে যাওয়া যুবকটি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় গত সোমবার (২০ জুলাই) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

জাপান পুলিশ হেডকোয়ার্টার্সের স্থানীয় পুলিশ স্টেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় আনুমানিক ২০ বছর বয়সী ওই নারী ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ওই যুবক তাঁর গায়ের ওপর এসে পড়েন।

ঘটনার পরপরই একজন পথচারী পুলিশকে জানান, উপর থেকে একজন ব্যক্তি নিচে পড়ে গিয়ে একজন পথচারীকে আঘাত করেছে।

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান। অন্যদিকে, ওপর থেকে পড়ে যাওয়া যুবকটি এখনও অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনায় জড়িত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে যুবকটি অসাবধানতাবশত ভবন থেকে পড়ে গেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ স্টেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *