গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত ১০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৪ জুন) দুপুরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই আইসিইউ বিভাগের উদ্বোধন করেন। তবে উদ্বোধনের পরপরই ২০২০ সালে ক্রয় করা ১০টি শয্যার মধ্যে ৯টি ভেন্টিলেটরই অকেজো থাকার বিষয়টি সামনে এলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধন শেষে সংসদ সদস্য ডা. কে এম বাবর সাংবাদিকদের বলেন, আজকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের যে আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করা হলো, এর ভেন্টিলেটরগুলো ২০২০ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয়েছিল। এ সকল যন্ত্রাংশের সবই অত্যন্ত নিম্নমানের এবং দীর্ঘদিন ব্যবহার না করায় বর্তমানে নষ্ট হয়ে পড়ে আছে।
ডা. কে এম বাবর আরও বলেন, বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রীর নিজ জেলা হওয়া সত্ত্বেও এখানে আইসিইউ বা ভেন্টিলেশন সুবিধা চালু করা হয়নি অথচ এগুলো কেনাকাটায় ব্যাপক দুর্নীতি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিগত সরকার আমলের এ সকল দুর্নীতির সঠিক তদন্ত দাবি করেন তিনি। একই সাথে দ্রুত সময়ের মধ্যে এই অকেজো ভেন্টিলেটরগুলো সচল করার আশ্বাস দেন সাংসদ ডা. কে এম বাবর।
এ বিষয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, মুমূর্ষু রোগীদের লাইফ সাপোর্টের জন্য ভেন্টিলেশন সুবিধাসহ ১০ শয্যার আইসিইউর যাবতীয় মালামাল ২০২০ সালে তৎকালীন সরকারের আমলে ক্রয় করা হয়। এগুলো একদিকে যেমন নিম্নমানের, অন্যদিকে দীর্ঘদিন চালু না করে ফেলে রাখায় এখন একদমই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এর পাশাপাশি আইসিইউ ওয়ার্ডটি সার্বক্ষণিকভাবে সচল রাখার জন্য যে পরিমাণ দক্ষ জনবল দরকার, তাও বর্তমানে পর্যাপ্ত নেই বলে জানান এই কর্মকর্তা।