ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান রোধে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

ভারতের সঙ্গে সংযুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম ব্যাপক জোরদার করা হয়েছে। মাদক পাচার, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে বিস্তৃত এই দীর্ঘ সীমান্ত এলাকায় বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। দেশের চলমান প্রেক্ষাপটে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি ও গোয়েন্দা তৎপরতা কয়েক গুণ বাড়ানো হয়েছে। 

আজ রোববার (১৪ জুন) সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যরা কঠোর নজরদারির মাধ্যমে ডিউটি পালন করছেন। সীমান্তের সার্বিক পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। জেলার কোনো সীমান্ত দিয়েই এ পর্যন্ত পুশইন বা অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটেনি।

লে. কর্নেল জব্বার আহমেদ আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার কিংবা চোরাচালান সংঘটিত না হতে পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা ২৪ ঘণ্টা মাঠপর্যায়ে তৎপর রয়েছেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ প্রক্রিয়া জোরদার রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *