বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। সম্প্রতি তার একটি বই পড়ে ভালো লাগার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই গায়ক। বইটি হলো ‘নলিনী বাবু বিএসসি’।
রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনুপম লেখেন, ‘হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম নলিনী বাবু বিএসসি। আরও একটা আশ্চর্য গল্প!’
হুমায়ূন আহমেদের লেখার সঙ্গে নিজের গভীর সংযোগের কথাও তুলে ধরেছেন অনুপম। তিনি লেখেন, ‘তার লেখার সঙ্গে এক গভীর আত্মীয়তা অনুভব করি। পৃথিবীটাকে দেখার তার দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ, আর বিজ্ঞান-কল্পবিজ্ঞানের অনায়াস মেলবন্ধন বারবার মুগ্ধ করে। গল্পটা একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। হুমায়ূন আহমেদ পড়লে বাংলা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়।’
হুমায়ূন আহমেদ শুধু উপন্যাস ও গল্প লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার রচনায় নির্মিত ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’ ও ‘কোথাও কেউ নেই’ নাটকগুলো এখনো দর্শকের কাছে সমান জনপ্রিয়।
বড়পর্দায় তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘আগুনের পরশমনি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘নয় নম্বর বিপদ সংকেত’। গল্প বলার নিজস্ব ধরন, সহজ ভাষা ও রসবোধের কারণে বাংলা সাহিত্যে আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি।
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই মারা যান হুমায়ূন আহমেদ। মৃত্যুর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মের পাঠকদের আকৃষ্ট করছে। অনুপম রায়ের সাম্প্রতিক পোস্টেও উঠে এসেছে সেই ভালো লাগারই প্রকাশ।