‘হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব প্রয়োগের অধিকার শুধু ইরান ও ওমানের’

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী বলেছেন, হরমুজ প্রণালিতে ‘সার্বভৌমত্ব প্রয়োগের’ অধিকার কেবল ইরান ও ওমানেরই রয়েছে।

ইরানি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে ঘারিবাবাদী বলেন, ওমানের সঙ্গে সমন্বয় করে ইরান হরমুজ প্রণালিতে ‘নৌযান চলাচল নিয়ন্ত্রণের’ জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করেছে।

কাজেম ঘারিবাবাদী বলেন, ইরান ওমানকে যুক্তরাষ্ট্রের হুমকির কাছে ‘নতি স্বীকার না করার’ আহ্বান জানিয়েছে।

এর আগে হরমুজ প্রণালির বিষয়ে ওমান যদি ‘অন্য সবার মতো আচরণ না করে’, তবে দেশটিকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টতই যুদ্ধবিরতি মানছে না। ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখা হয়েছে এবং লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে দেশটি ব্যর্থ হয়েছে।

বাঘের গালিবফ এক্সে এক পোস্টে লেখেন, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ এবং লেবাননে গণহত্যায় লিপ্ত ইসরায়েল সরকারের যুদ্ধাপরাধ বৃদ্ধি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি অমান্য করার সুস্পষ্ট প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *