চীনের প্রযুক্তি খাতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রবেশ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনা কোম্পানির বিদেশে অবস্থিত সহযোগী প্রতিষ্ঠান বা শাখাগুলোর কাছেও উন্নত এআই চিপ রপ্তানির ক্ষেত্রে একই ধরনের লাইসেন্সিং বিধিনিষেধ প্রযোজ্য হবে।
স্থানীয় সময় রোববার (৩১ মে) প্রকাশিত এক নির্দেশনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) স্পষ্ট করে জানায়, যেসব প্রতিষ্ঠানের মূল কার্যালয় বা মূল কোম্পানি চীনে অবস্থিত, তাদের কাছে উন্নত এআই সেমিকন্ডাক্টর রপ্তানির জন্য বিশেষ অনুমতি প্রয়োজন হবে, তাতে তারা বিশ্বের যেখানেই অবস্থান করুক না কেন। খবর আল জাজিরার।
চীনকে উচ্চক্ষমতাসম্পন্ন এআই প্রযুক্তি থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে একাধিক রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে। নতুন এই ব্যাখ্যা এমন সময় এলো, যখন আশঙ্কা তৈরি হয়েছিল যে চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশি শাখার মাধ্যমে মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর ব্যবহার করতে পারে।
এদিকে, বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই এ ধরনের নীতিমালা অনুসরণ করে আসছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, চীনে সদরদপ্তর থাকা কোম্পানির কাছে নিয়ন্ত্রিত চিপ বিক্রির ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজনীয়তা তাদের বর্তমান নীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে এআই প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতে প্রতিযোগিতা যত বাড়ছে, ততই কঠোর হচ্ছে রপ্তানি নিয়ন্ত্রণ। নতুন নির্দেশনা চীনা কোম্পানিগুলোর জন্য উন্নত এআই চিপ সংগ্রহ আরও কঠিন করে তুলতে পারে।