সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

সিরিয়া ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছে। পাশাপাশি সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি ঋণ দেওয়ার চুক্তি করেছে সৌদি আরব। খবর আল-জাজিরার। 

বুধবার (৪ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়। 

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা চুক্তিকে দুই দেশের মধ্যে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে উল্লেখ করেছে। তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। 

রিয়াদের বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, সামরিক উত্তেজনা, আন্তর্জাতিক নৌ চলাচল, জ্বালানি সরবরাহ ও বিশ্ব অর্থনীতির পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা।

দুই নেতা আঞ্চলিক উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

এর আগে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া।

শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে মানামা ডায়ালগ সম্মেলনে তিনি বলেন, মক্কা জোটে সিরিয়ার যোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *