সূর্যবংশীকে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে চান গাভাস্কার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজের ব্যাটিং তাণ্ডবে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালিয়ে রানের পাহাড় গড়ছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার।

এখন পর্যন্ত এবারের আইপিএলে ১৫ ইনিংসে ৬৮০ রান করেছেন সূর্যবংশী। সেটিও আবার ২৪২.৮৫ স্ট্রাইকরেটে! একটি সেঞ্চুরির পাশাপাশি ইতোমধ্যে হাঁকিয়েছেন চারটি ফিফটি। তার এমন খুনে ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার দ্রুত এই তরুণকে জাতীয় দলে নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

বৈভব সূর্যবংশীর বয়স মাত্র ১৫ বছর। আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চের জন্য এই বয়সটা বড্ড কম মনে হলেও, গাভাস্কার তা মানতে নারাজ। ‘স্পোর্টস তাক’-এর সঙ্গে আলাপকালে গাভাস্কার জানান, সূর্যবংশী এখনই জাতীয় দলের জন্য তৈরি।

গাভাস্কার বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য সে (সূর্যবংশী) একদম তৈরি। আশা করি, ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি স্কোয়াডেই তাকে সুযোগ দেওয়া হবে। এই পারফরম্যান্সের পর সে জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য। এখনই যদি তাকে সুযোগ দেওয়া না হয়, তাহলে কখন দেওয়া হবে?’

সূর্যবংশীর বয়স নিয়ে কথা উঠলে ভারতের সাবেক এই ব্যাটিং গ্রেট বলেন, ‘তার (সূর্যবংশী) বয়সের দিকে তাকানোর কোনো দরকার নেই। তার চেয়ে ১৫ বছরের বড় এবং আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অভিজ্ঞ বোলারদেরও সে অনায়াসে বাউন্ডারি মারছে, গ্যালারিতে আছড়ে ফেলছে। এখানে বয়স কোনো বাধা হওয়া উচিত নয়।’

গাভাস্কার আরও বলেন, ‘আমাদের দেখতে হবে সে (সূর্যবংশী) কতটা ভয়ডরহীন ক্রিকেট খেলছে। আমরা ছোটবেলায় গলিতে যেভাবে খেলতাম, সে ঠিক সেভাবেই আইপিএলে খেলছে। সে কোনো হিটার বা স্লগার নয়, সোজা ব্যাটে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারার দারুণ টেকনিক আছে তার। ঈশ্বর যেন তার এই খেলার ধরনটা ধরে রাখেন।’ 

তবে সূর্যবংশীকে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা দিতে হলে বর্তমান একাদশের কাউকে না কাউকে বাদ দিতে হবে, যা বেশ কঠিন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসনের দুর্দান্ত ফর্মের পর তাকে বাদ দেওয়া অসম্ভব।

অন্যদিকে, ওপেনিংয়ে গত দুই বছর ধরে নিজের জায়গা পাকা করে ফেলেছেন অভিষেক শর্মা। আবার বিশ্বকাপের ঠিক আগে ঈশান কিষাণও দলে ফিরে নিজের অবস্থান শক্ত করেছেন। এই পরিস্থিতিতে বৈভবকে কোথায় খেলানো হবে, তা নিয়ে এক বড় জটিলতা তৈরি হয়েছে।

বিষয়টি স্বীকার করে গাভাস্কার বলেন, ‘প্রশ্ন হচ্ছে, তাকে দলে নিলে কাকে বাইরে বসানো হবে? এটা একটা বড় সমস্যা, তবে এটি মূলত ‘মধুর সমস্যা’। নির্বাচকদের হাতে অনেক বিকল্প আছে। বৈভবকে এখনই মূল একাদশে না খেলানো হলেও অন্তত ১৫-১৬ জনের স্কোয়াডে রাখা উচিত। ভারতীয় ড্রেসিংরুমে থেকে সে যে অভিজ্ঞতা অর্জন করবে, তা হবে অমূল্য।’

গাভাস্কার ভবিষ্যৎবাণী করে বলেন, ‘এই বছরই (২০২৬) নিশ্চিতভাবে ভারতীয় দলে বৈভবের অভিষেক হবে—সেটি ইংল্যান্ডে হোক বা জিম্বাবুয়ে সফরে। আমার তো মনে হয়, ২০২৬ সালকে ক্রিকেটবিশ্ব মনে রাখবে বৈভব সূর্যবংশীর বছর হিসেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *