সিগারেট কেনা আজীবন নিষেধাজ্ঞা করছে ব্রিটেন, আইন পাস

ব্রিটেনে ১৭ বছর বা তার কম বয়সী শিশু এবং ভবিষ্যতে জন্মগ্রহণকারী কেউ আর কখনোই বৈধভাবে সিগারেট কিনতে পারবেন না। ধূমপান নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করে ব্রিটিশ পার্লামেন্টে একটি নতুন বিল অনুমোদিত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

‘তামাক ও ভ্যাপ বিল’ অনুযায়ী, তামাকজাত পণ্য কেনার ন্যূনতম বয়স প্রতি বছর এক বছর করে বাড়ানো হবে। ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। এর ফলে সংশ্লিষ্ট বয়সের জনগোষ্ঠীর জন্য তামাক কেনা আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে।

আগামী সপ্তাহে রয়্যাল অ্যাসেন্ট পেতে যাওয়া এই আইনে ভ্যাপিংয়ের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর আওতায় ১৮ বছরের কম বয়সীদের কাছে ভ্যাপ ও নিকোটিন পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এসব পণ্যের বিজ্ঞাপন, প্রদর্শন, বিনামূল্যে বিতরণ ও মূল্যে ছাড় দেওয়ার ওপরও বিধিনিষেধ থাকছে।

ব্রিটিশ সরকারের মতে, এই পদক্ষেপ ধূমপান কমাতে এবং তরুণ প্রজন্মকে নিকোটিনে আসক্ত হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করবে। এতে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওপর দীর্ঘমেয়াদি চাপ কমবে।

বিলটি অনুমোদনের পর স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং একে দেশের জনস্বাস্থ্যের জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্যের শিশুরা প্রথম ধূমপানমুক্ত প্রজন্মের অংশ হবে এবং সারাজীবনের আসক্তি ও ক্ষতি থেকে রক্ষা পাবে। তিনি আরও বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। এই সংস্কার জীবন বাঁচাবে, এনএইচএসের ওপর চাপ কমাবে এবং একটি স্বাস্থ্যকর ব্রিটেন গড়ে তুলবে।

সরকারি হিসাব অনুযায়ী, ইংল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে প্রায় ৬৪ হাজার মানুষের মৃত্যু হয় এবং ৪ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন। এর ফলে এনএইচএসের বার্ষিক খরচ হয় প্রায় ৩০০ কোটি পাউন্ড (৪০০ কোটি ডলার), আর সামগ্রিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২০০০ কোটি পাউন্ড ছাড়িয়ে যায়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *